Sylhet Today 24 PRINT

সীতাকুণ্ডে জঙ্গি আস্তানা : চার মামলা পুলিশের

সিলেটটুডে ডেস্ক |  ১৭ মার্চ, ২০১৭

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দুটি ‘জঙ্গি আস্তানা’য় হতাহত ও আটকের ঘটনায় চারটি মামলা হয়েছে। আজ শুক্রবার পুলিশ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় এসব মামলা করেছে।

চট্টগ্রাম পুলিশের এসপি নুর আলম মিনা বলেন, বৃহস্পতিবার রাতে সন্ত্রাসবিরোধি আইনে চারটি পৃথক মামলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আমিরাবাদের সাধন কুটির থেকে শিশু ও নারী-পুরুষকে আটকের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে। আর কলেজ রোডের ছায়ানীড়ে পুলিশের ওপর হামলার ঘটনায় এবং সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা সুপার রেজাউল মাসুদ এসব মামলার বিষয় নিশ্চিত করেছেন। তবে তিনি আসামির সংখ্যার বিষয়ে কিছু বলেননি।

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) শাখাওয়াত হোসেন জানান, ছায়ানীড় ভবনে নিহতদের মধ্যে সাধন কুটির থেকে আটক দুজনের আত্মীয়তা সম্পর্ক থাকতে পারে। এ বিষয়ে আরো তথ্য নেওয়া হচ্ছে। তিনি জানান, দোতলা ছায়ানীড় এখনো ঘিরে রেখেছে পুলিশ। ভবনে প্রচুর বিস্ফোরক আছে। পুরোপুরি নিষ্ক্রিয় না হওয়া পর্যন্ত বাড়িতে কাউকে ঢুকতে দেওয়া হবে না।

গত বুধবার বিকেল থেকে আমিরাবাদের সাধনা কুটির ও কলেজ রোডের ছায়ানীড় ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালায় পুলিশ। সাধনা কুটির থেকে শিশু ও নারী-পুরুষকে আটক করা হয়। এ ছাড়া ছায়ানীড়ে জঙ্গিবিরোধী অভিযানের সময় বোমা বিস্ফোরণে শিশুসহ পাঁচজন নিহত হয়। নিহতদের কারো পরিচয় জানা যায়নি। এ ছাড়া ভবনটির ২১ বাসিন্দাকে উদ্ধার করা হয়। অভিযান চালান পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট, স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) বাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.