সিলেটটুডে ডেস্ক | ১৮ মার্চ, ২০১৭
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বেয়াই, কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী এমএইচ হাসান রেজা শনিবার দুপুরে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর।
বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে জানান, দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন তিনি। শনিবার দুপুর ১২টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে প্রয়াত কোকোর শ্বশুরের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা মোসাদ্দেক আলী ফালু, বিকল্পধারা বাংলাদেশের মাহী বি চৌধুরী।
শায়রুল জানান, লন্ডন থেকে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি দেশে ফেরার পর মরহুমের দাফন করা হবে। খবর পেয়ে যুক্তরাজ্য থেকে রওনা দিয়েছেন সিঁথি।
বর্তমানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে মরহুমের মরদেহ রাখা হয়েছে। ডিআইটির প্রকৌশলী এমএইচ হাসান রাজা মৃত্যুকালে স্ত্রী, মেয়ে, দুই ও ছেলে রেখে গেছেন।
গত ১৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৃথক শোকবার্তায় তার আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।