সিলেটটুডে ডেস্ক | ২০ মার্চ, ২০১৭
ছবি: এপিবিএন
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদার্থ ব্যবহার ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করার দায়ে রাজধানীর উত্তরার সুপার শপ স্বপ্নকে এক লাখ টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫)।
সোমবার (২০ মার্চ) এপিবিএন ৫-এর জেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইদুর রহমান রুবেল ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাতটি প্রতিষ্ঠান ও তিন ব্যক্তিকে আরও এক লাখ ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এপিবিএন ৫-এর সংবাদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জরিমানা করা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- উত্তরার ‘ক্যাপেকন’, ‘ফাজিতাজ’, ‘এ হট পিজা’, ‘বি হট দাড়া’, ‘ইন্ডিয়ান স্পাইসি’, ‘হট প্লেইট লিমিটেড’ ও ‘বেসিক বিল্ডার্স লিমিটেড’।
এপিবিএন কর্মকর্তা মো. সাইদুর রহমান রুবেল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদার্থ ব্যবহার ও মেয়াদ উত্তীর্ণ খাবার বিক্রি করায় উত্তরার তিন নম্বর সেক্টরে অবস্থিত স্বপ্ন সুপার শপের ব্যবস্থাপক মো. রাকিবুলকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় উত্তরার ক্যাপেকনের ব্যবস্থাপক মো. রাজু আহমেদকে ১৮ হাজার, ফাজিতাজের ব্যবস্থাপক মো. সোহেলকে ২০ হাজার, এ হট পিজার ব্যবস্থাপক মো. হৃদয়কে ১৫ হাজার, বি হট দাড়ার ব্যবস্থাপক মো. আমিনুলকে পাঁচ হাজার, ইন্ডিয়ান স্পাইসির ব্যবস্থাপক মো. ফয়সালকে ২০ হাজার ও হট প্লেইট লিমিটেডের ব্যবস্থাপক মো. আশরাফকে আট হাজার টাকাসহ মোট ৮৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, অবৈধভাবে ফুটপাতের ওপর বাড়ির নির্মাণসামগ্রী রেখে মানুষের চলাচলে বিঘ্ন ঘটানোয় প্রমথ কুমারকে ২৫ হাজার, মো. সাখাওয়াতকে ২৫ হাজার, মো. রজব আলীকে ২৫ হাজার ও বেসিক বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপক মো. আল আমিনকে ২৫ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।