Sylhet Today 24 PRINT

মুফতি হান্নানের ফাঁসি কার্যকরে প্রস্তুত কর্তৃপক্ষ, সিলেট থেকে যাচ্ছে মৃত্যু পরোয়ানা

সিলেটটুডে ডেস্ক |  ২২ মার্চ, ২০১৭

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছেন, সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরে কারা কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে। সিলেট থেকে মৃত্যু পরোয়ানা কাশিমপুর কারাগারে যাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

বুধবার (২২ মার্চ) পুরান ঢাকায় সাবেক কেন্দ্রীয় কারাগারে বঙ্গবন্ধুর দুষ্প্রাপ্য ছবি প্রদর্শনীর অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ইফতেখার উদ্দিন বলেন, "সর্বোচ্চ আদালত থেকে তার (মুফতি হান্নান) আপিল খারিজ হয়েছে। নিয়ম অনুযায়ী এটা এখন সেন্টেন্সিং কোর্টে (বিচারিক আদালত) যাবে। সেখান থেকে ওয়ারেন্ট অব এক্সিকিউশনটা (মৃত্যু পরোয়ানা) ইস্যু হবে। সেন্টেন্সিং কোর্ট হলো সিলেট। সিলেটে সেটা পাঠানো হয়েছে এবং আমাদের কর্মকর্তারা সেটা মনিটর করছেন, যাতে যত শিগগিরই আমাদের হাতে ওয়ারেন্ট অব এক্সিকিউশন এসে পৌঁছায়। তার পরে আমরা জেল কোড অনুযায়ী বাকি ব্যবস্থা গ্রহণ করব।"

কাশিমপুর কারাগারে বুধবার সকাল ১০টায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলকে মৃতুদণ্ডাদেশের রিভিউ খারিজের রায় পড়ে শোনানো হয়েছে। অন্যদিকে, একই দিন মৃতুদণ্ডাদেশ প্রাপ্ত আরেক আসামি জঙ্গি দেলোয়ার হোসেন রিপনকে সিলেট কেন্দ্রিয় কারাগারে রিভিউ খারিজের চূড়ান্ত রায় পড়ে শোনানো হয়েছে।

মুফতি হান্নান রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন গাজীপুরের কাশিমপুর কারাগারের জেল সুপার মিজানুর রহমান। আর সিলেট কেন্দ্রিয় কারাগারে বন্দি দেলোয়ার হোসেন রিপন প্রাণভিক্ষা চাওয়ার সিদ্ধান্ত গ্রহণের আগে তার আইনজীবী ও পরিবারের সদস্যদের সাথে দেখা করতে চেয়েছেন বলে সিলেটটুডেকে জানিয়েছেন কারাগারের সিনিয়র জেল সুপার সগীর আলী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.