সিলেটটুডে ডেস্ক | ২৫ মার্চ, ২০১৭
বাংলাদেশ ব্যাংক ভবনে বৈদ্যুতিক চায়ের কেতলিতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছে অগ্নিকাণ্ডে গঠিত ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের তদন্ত কমিটি।
শনিবার (২৫ মার্চ) দুপুরে তদন্ত কমিটির সদস্যরা দ্বিতীয়বারের মতো ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
তদন্ত কমিটির প্রধান ও ফায়ার সার্ভিসের উপ পরিচালক (ঢাকা) সমরেন্দ্রনাথ বিশ্বাস বলেন, "বাংলাদেশ ব্যাংক ভবনের আগুনের ঘটনা খুবই সামান্য ঘটনা। শুধু শুধুই এটিকে অনেক বড় করে দেখানো হচ্ছে। চায়ের কেতলি থেকে শর্ট সার্কিট হয়ে এই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।"
আগুনে ক্ষয়-ক্ষতি সম্পর্কে তিনি বলেন, "একটি কম্পিউটার ছাড়া অন্য কিছু তেমন পোড়েনি। এমনকি কক্ষের চেয়ারে থাকা তোয়ালেও অক্ষত রয়েছে। কক্ষটিতে ধোঁয়া আটকে যাওয়ায় হঠাৎ করে অনেক ধোঁয়া হয়েছিল। আগুন তেমন বড় ছিল না।"
ব্যাংক ভবনের আগুন নাশকতা কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমরা ঘটনাস্থল ঘুরে দেখেছি। এরপর ব্যাংকের বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলবো। নাশকতার কোনও প্রমাণ পাওয়া গেলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হবে।"
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলার একটি কক্ষে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে ১০টা নাগাদ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে আগুন। অগ্নিকাণ্ডের শিকার বাংলাদেশ ব্যাংক ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রানীতি বিভাগের কার্যক্রম পরিচালিত হয়।
আগুন নিয়ন্ত্রণে আসার পর বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক আবুল কালাম আজাদ ভবনের ভেতরে প্রবেশ করেন। ভেতরের পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি জানান, আগুন অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসায় বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।