Sylhet Today 24 PRINT

কুমিরের সাথে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল দর্শনার্থীর

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মার্চ, ২০১৭

কুমিরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল আসাদুজ্জামান রনি (২৯) নামের এক দর্শনার্থী।

বরগুনার তালতলী উপজেলার ট্যাংড়াগিরি ইকোপার্কে কুমির প্রজনন কেন্দ্রে শনিবার (২৫ মার্চ) দুপুরে বিপজ্জনক স্থানে দাঁড়িয়ে ছবি তোলার সময় এ ঘটনাটি ঘটে।

নিহত রনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক মো. গোলাম মোস্তফার একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে রনি ওই ইকোপার্কের কুমির প্রজননকেন্দ্রে কুমির দেখতে যান। বিপদসীমার প্রাচীর টপকে একটি কুমিরের কাছাকাছি গিয়ে সেলফি তুলছিলেন তিনি। হঠাৎ একটি কুমির তাকে আক্রমণ করে পুকুরে টেনে নিয়ে যায়।

তালতলীর ফকিরহাট বনভূমির বিট কর্মকর্তা সজীব কুমার মজুমদার সাংবাদিকদের জানান, স্থানীয় বনকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে কুমিরটি দর্শনার্থী রনির মৃতদেহ ছেড়ে দিলে তা পুকুরে তলিয়ে যায়। পরে স্থানীয় অধিবাসী ও থানা পুলিশের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টার পর লাশ উদ্ধার করা হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ হালদার বলেন, দর্শনার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.