Sylhet Today 24 PRINT

হলি আর্টিজানে হামলায় বড় মিজানের দোষ স্বীকার

সিলেটটুডে ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৭

রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলায় নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক শাখার প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

দুই দফা দশ দিনের রিমান্ড শেষে রোববার (২৬ মার্চ) ঢাকা মহানগর হাকিম নূর নবীর কাছে তিনি ওই ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন। স্বীকারোক্তি শেষে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছেন।

সর্বশেষ গত ২২ মার্চ মিজানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদানে রাজি হওয়ায় মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির রোববার তাকে আদালতে হাজির করে স্বীকারোক্তি গ্রহণের আবেদন করেন।

হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলায় গত ১৪ মার্চ এ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরও আগে গত ২৮ ফেব্রুয়ারি বনানীর কাকলী রেলক্রসিংয়ের কাছাকাছি একটি বাসা থেকে গ্রেপ্তার হন বড় মিজান। এরপর তাকে রাজধানীর দারুস সালাম থানায় সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় রিমান্ডে নেয় পুলিশ।

পুলিশের দাবি, বড় মিজান নব্য জেএমবির চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী শিবগঞ্জ এলাকার প্রধান দায়িত্বশীল ব্যক্তি। এর আগে তিনি জুন্দ আল তাওহিদ নামের একটি জঙ্গি সংগঠনের প্রধান সামরিক কমান্ডার ছিলেন। পরবর্তী সময়ে তিনি গুলশান হামলার অন্যতম হোতা হিসেবে পরিচিত তামিম চৌধুরীর মাধ্যমে নব্য জেএমবিতে যোগ দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.