Sylhet Today 24 PRINT

সিলেটে বোমায় আহত র‌্যাবের গোয়েন্দা প্রধান লাইফ সাপোর্টে

সিলেটটুডে ডেস্ক |  ২৮ মার্চ, ২০১৭

র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। ওই হাসপাতালের নিউরোসার্জন ডা. লি কিমের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৭ মার্চ) র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য জানান।

রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল কর্তৃপক্ষ একটি বোর্ড গঠন করেছে।

শনিবার সন্ধ্যায় সিলেটের শিববাড়ির পাঠানপাড়ায় বোমা বিস্ফোরণে আহত হন র‌্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদ। আহত অবস্থায় প্রথমে তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে ওই রাতেই তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। পরে রোববার রাত ৮টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়।

শনিবার শিববাড়িতে পৃথক বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ছয়জন নিহত হন। আহত হন প্রায় অর্ধশত। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.