সিলেটটুডে ডেস্ক | ২৮ মার্চ, ২০১৭
একুশে পদকপ্রাপ্ত আলোকচিত্র সাংবাদিক আফতাব আহমেদ (৭৮) হত্যা মামলায় পাঁচ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। একজনকে দেওয়া হয়েছে সাত বছর কারাদণ্ড।
মঙ্গলবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, হুমায়ুন কবির মোল্লা, মো. বেল্লাল হোসেন কিসলু, হাবিব হাওলাদার, মো. রাজু মুন্সী ও মো. রাসেল। শেষের দুই জন পলাতক রয়েছে। এ ছাড়া সাত বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. সবুজ মিয়া।
এর আগে ২০ মার্চ মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ২৮ মার্চ রায়ের দিন নির্ধারণ করেন বিচারক। এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে রাজধানীর পশ্চিম রামপুরায় নিজ বাসায় খুন হন প্রবীণ ফটো সাংবাদিক আফতাব আহমেদ। পরদিন সকালে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। চার তলার ওই বাড়ির তৃতীয় তলায় আফতাব আহমেদ একাই বসবাস করতেন। লাশ উদ্ধারের সময় তার বাসার আলমারিসহ সব আসবাবপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়। লুট করা হয় টাকা, দুটি বাক্সে ভরা তার কর্মজীবনে ব্যবহৃত সবকটি ক্যামেরা ও দুর্লভ ছবি।
ঘটনার পরদিন তার শ্যালক মনোয়ার আহমেদ সাগর রামপুরা থানায় অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর ২০১৪ সালের ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। ডাকাতির জন্য হত্যার অভিযোগে আসামিদের বিরুদ্ধে ওই বছরের ২৪ জুলাই অভিযোগ গঠন করেন আদালত। আসামিদের মধ্যে হাবিব, বিল্লাল ও হুমায়ুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
আলোকচিত্র সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য ২০০৬ সালে একুশে পদকে ভূষিত হন আফতাব আহমেদ। ১৯৬৪ সালে দৈনিক ইত্তেফাক দিয়ে তার আলোকচিত্র সাংবাদিকতার শুরু। ২০০৬ সালে কর্মজীবন থেকে অবসর নেন তিনি।