সিলেটটুডে ডেস্ক | ২৯ মার্চ, ২০১৭
জঙ্গিবিরোধী অভিযান সরাসরি সম্প্রচার না করার জন্য ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
বুধবার (২৯ মার্চ) পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জঙ্গি বিরোধী অভিযান চলাকালে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় অভিযান সংক্রান্ত কার্যক্রমের ভিডিও ফুটেজ/ছবি সরাসরি সম্প্রচার করা হয়। এর ফলে পুলিশের অপারেশনাল কার্যক্রম দারুণভাবে ব্যাহত হয়। এছাড়া, এ ধরনের সম্প্রচারের ফলে জনমনে ভীতি সঞ্চার এবং নিরাপত্তাহীনতাবোধ তৈরি হতে পারে।'
এতে আরও বলা হয়, 'দেশের যে কোন স্থানে জঙ্গি আস্তানায় অভিযান পরিচালনাকালে ওই অভিযানকে কেন্দ্র করে গণমাধ্যমে কোন ধরনের সরাসরি সম্প্রচার/ছবি/ভিডিও ফুটেজ/স্ক্রল প্রচার করা থেকে বিরত থাকার জন্য পুলিশ হেডকোয়ার্টার্স অনুরোধ জানাচ্ছে।'
জঙ্গিবিরুধী অভিযান চলাকালে অপারেশনস্থলের আশেপাশের এলাকায় গণমাধ্যমকর্মীদের ভীড় না করার জন্যও অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
জঙ্গি অভিযান চলাকালে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সময়ে সময়ে ঘটনাস্থলে মিডিয়া ব্রিফিং করবেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি অভিযান সংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট থেকে তথ্যের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ সকল পুলিশি কার্যক্রমে গণমাধ্যমের অব্যাহত সহযোগিতা ও সমর্থন পেয়ে আসছে। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনেও গণমাধ্যমের সহায়তা ও সমর্থন অব্যাহত থাকবে বলে পুলিশ হেডকোয়ার্টার্স আশা করে।