Sylhet Today 24 PRINT

বড়হাটের পরিস্থিতি ‘জটিল’, অপারেশন ‘আপাতত স্থগিত’

তপন কুমার দাস, মৌলভীবাজার থেকে  |  ৩১ মার্চ, ২০১৭

মৌলভীবাজারের বড়হাটে জঙ্গি আস্তানার পরিস্থিতি জটিল বলে মন্তব্য করেছেন পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। এই আস্তানায় জঙ্গি ধরতে ‘অপারেশন ম্যাক্সিমাস’ চলাকালে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন মনিরুল। এসময় অপারেশন আপাতত স্থগিত করার কথাও জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, আমরা ড্রোনের সাহায্যে দেখতে পেয়েছি এই বাসার ভেতরে অনেক বিস্ফোরক রয়েছে। এখানে একাধিক জঙ্গি পাওয়ারও তথ্য পেয়েছি আমরা। তিনি বলেন, অপারেশন চলাকালে সোয়াট টিমের সদস্যরা যখনই ভেতরে ঢোকার চেষ্টা করেছে। বাসার ভেতরে ঢুকার চেষ্টা করলে ভেতরে থেকে বিস্ফোরক ছুঁড়ে জঙ্গিরা।

তিনি বলেন, "অভিযান চলমান আছে। তবে আজ (শুক্রবার) অন্ধকার হয়ে যাওয়ায় আগামীকাল সকাল পর্যন্ত অভিযান স্থগিত করা হয়েছে। সকালে আবহাওয়া ভালো থাকা সাপেক্ষে পুনরায় অভিযান শুরু করা হবে।"

তিনি বলেন, "আপনারা এখান থেকে শুনেছেন যে, জঙ্গিরা ভেতর থেকে কিছু বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। আমাদের সোয়াট দলটি যখনই ভেতরে ঢোকার চেষ্টা করেছে, তখনই জঙ্গিরা ভেতর থেকে বিস্ফোরণ ঘটিয়েছে। আমরা ধারণা করছি প্রচুর পরিমাণ বিস্ফোরক রয়েছে তাদের কাছে। অপারেশনটি অপেক্ষাকৃত একটু জটিল। যে বাড়িটিতে তারা অবস্থান নিয়েছে, সেই বাড়িতে অনেক কক্ষ রয়েছে এবং একটি নির্মাণাধীন ভবন রয়েছে। এ কারণে এই অভিযান শেষ হতে আরও কিছু সময় লাগবে। বাড়িটি এখনও ঘিরে রাখা হয়েছে।"

গত বুধবার (২৯ মার্চ) থেকে মৌলভীবাজারের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম। এই অভিযানে সোয়াট ড্রোন ব্যবহার করে দেখেছে, ডুপ্লেক্স বাড়ির আদলে সাজানো বাড়িটির ভেতরে প্রচুর বিস্ফোরক ছড়ানো-ছিটানো রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.