Sylhet Today 24 PRINT

‘অপারেশন ম্যাক্সিমাস’ সমাপ্ত, তিন জঙ্গি নিহত

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার থেকে |  ০১ এপ্রিল, ২০১৭

মৌলভীবাজার শহরের বড়হাটে জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযান 'অপারেশন ম্যাক্সিমাস' শেষ হয়েছে। ভেতরে থাকা তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

শনিবার (১ এপ্রিল) দুপুরে বড়হাটের হোসেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, "তিন জঙ্গির মধ্যে দুজন পুরুষ ও এক নারী রয়েছে।"

মনিরুল জানান, নিহতদের মধ্যে একজন সিলেটের শিববাড়িতে আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান 'অপারেশন টোয়াইলাইট' চলাকালে সংঘটিত বিস্ফোরণের সাথে জড়িত ছিল। ওই বিস্ফোরণে র‍্যাব কর্মকর্তা, দুই পুলিশ সদস্য ও ছাত্রলীগ নেতাসহ ৭ জন নিহত হয়েছিলেন।

মৌলভীবাজারে আর কোন জঙ্গি আস্তানা থাকার তথ্য তাঁদের কাছে নেই বলে জানান মনিরুল ইসলাম। 

গত বুধবার (২৯ মার্চ) মৌলভীবাজারের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সোয়াট টিম। এর আগে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামে অভিযান চালায় সোয়াট। 


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.