Sylhet Today 24 PRINT

স্মার্টফোন সাথে থাকায় ট্রেজারিতে প্রশ্ন নিতে আসা ৩ শিক্ষক আটক

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৭

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রশ্ন ট্রেজারি থেকে নেওয়ার সময় সাথে স্মার্টফোন থাকায় তিন শিক্ষককে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

রোববার (২ এপ্রিল) সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি ট্রেজারি থেকে এইচএসসির প্রথম দিনের প্রশ্ন আনতে গেলে আটক করা হয় তিন শিক্ষককে।

এরা হলেন হাবিবুল্লাহ বাহার কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রশীদ এবং টি অ্যান্ড টি মহিলা কলেজের প্রভাষক নাঈমা নাসরীন ও মাহবুবুর রহমান।

সকালে ঢাকা কলেজে এইচেসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, 'এর মানে প্রশ্ন বের হওয়ার সাথে সাথে ফেসবুকে চলে যায়। তারা তো সেখানে (ট্রেজারিতে) স্মার্ট ফোন নিয়ে যেতে পারেন না, নিয়মই নাই।'

শিক্ষামন্ত্রী তাদের বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বলেন, 'আইনি ব্যবস্থাও নেওয়া হবে, কোনোভাবেই রেহাই পাবেন না তারা।'

পরীক্ষা কেন্দ্রে একমাত্র কেন্দ্র সচিব মোবাইল ফোন ব্যবহার করতে পারলেও তা স্মার্টফোন হওয়া যাবে না। কেন্দ্র সচিবের বাইরে কোনো শিক্ষকই মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.