Sylhet Today 24 PRINT

দায়িত্ব নিতে কার্যালয়ে ঢুকেই বরখাস্তের চিঠি পেলেন রাসিক মেয়র

সিলেটটুডে ডেস্ক |  ০২ এপ্রিল, ২০১৭

মেয়র হিসেবে দায়িত্ব নিতে নিজের কার্যালয়ে প্রবেশের সাথে সাথেই বরখাস্তের চিঠি পেলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল।

রোববার (২ এপ্রিল) দুপুরে রাসিকে এ চিঠি পাঠায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়।

মেয়র বুলবুল অবশ্য দাবি করেছেন, আদালতের রায় তার পক্ষে। তিনি কার্যালয় ছাড়বেন না।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরিফউদ্দিন জানিয়েছেন, বরখাস্ত করা না করার বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত বুলবুলকে কার্যালয় ব্যবহার করতে দেবেন তিনি।

এর আগে রোববার সকালে মেয়র হিসেবে নিজের দায়িত্ব পুনরায় গ্রহণ করতে গিয়ে বাধার মুখে পড়েন মোসাদ্দেক হোসেন বুলবুল। সকাল সাড়ে ১০টার দিকে তিনি সিটি করপোরেশন ভবনে গিয়ে দেখতে পান তার কার্যালয়ে তালা ঝুলছে। রাসিকের প্রধান নির্বাহী জানান, কে বা কারা এই তালা ঝুলিয়েছে তা তাঁর জানা নেই।

বেলা দেড়টার দিকে নির্বাহী কর্মকর্তার নির্দেশে মেয়রের কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। তবে মেয়র বুলবুল কার্যালয়ে প্রবেশের পরপরই জানতে পারেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তার বরখাস্তের বিষয়ে চিঠি এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.