Sylhet Today 24 PRINT

ময়মনসিংহে ‘জঙ্গি আস্তানায়’ অভিযানে আটক ৭, জিহাদি বই উদ্ধার

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৭

জঙ্গি আস্তানা সন্দেহে ময়মনসিংহের একটি বাড়িতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে শহরের কালীবাড়ি এলাকায় অ্যাডভোকেট আসিফ আনোয়ার মুরাদের বাড়িতে অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই সাতজনকে আটক করে। আটককৃতরা ময়মনসিংহ, নেত্রোকোনা ও জামালপুরের বলে জানা গেছে।

ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

ওই বাড়ি থেকে জিহাদি বই ও ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়েছে। এছাড়া আল-আরাফা ব্যাংকের ৫০ লাখ টাকার একটি চেকও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা বাড়ি থেকে বের হতো না। তারা বাড়ির ভেতর থেকেই আজান দিতো এবং সেখানে নামাজ পড়তো। এমন খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদর আটক করে।

গত ২৪ মার্চ থেকে সিলেট, মৌলভীবাজার ও কুমিল্লায় জঙ্গি বিরোধী অভিযান চালানো হয়েছে। সিলেটের শিববাড়ি এলাকায় আতিয়া মহল নামে একটি বাড়িতে সেনাবাহিনীর প্যারা-কমান্ডোর পাঁচদিন ধরে অভিযান চালায়। এ অভিযানে চার জঙ্গি নিহত হয়েছে। অভিযান চলাকালেই দুই দফা বিস্ফোরণে র‍্যাবের গোয়েন্দা প্রধান ও ২ পুলিশ কর্মকর্তাসহ ৭ জন নিহত হন।

এ অভিযান শেষ হতেই মৌলভীবাজারের নাসিরপুর ও বড়হাটে দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বিশেষ টিম সোয়াট। ওই দুই অভিযানে ১০ জঙ্গি নিহত হয়।

একই সময়ে কুমিল্লার কোটবাড়ীতে একটি বাড়িতে অভিযান চালানো হয়। তবে ওই আস্তানা থেকে কোনও জঙ্গিকে আটক করা হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.