Sylhet Today 24 PRINT

দেশের সব জেলায় সিনেপ্লেক্স নির্মাণ করবে সরকার

সিলেটটুডে ডেস্ক |  ০৪ এপ্রিল, ২০১৭

দেশের সব জেলায় একটি করে তথ্য ভবন নির্মাণ করবে সরকার। প্রেক্ষাগৃহের সংকট দূর করতে এ ভবনে থাকবে একটি সিনেপ্লেক্স।

চলচ্চিত্রে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বৈষম্যমূলক আচরণ বা হয়রানিমূলক কর্মকাণ্ডকে উদ্বুদ্ধ করে এমন দৃশ্য প্রদর্শন নিষিদ্ধ করে জাতীয় চলচ্চিত্র নীতিমালা ২০১৭-এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলচ্চিত্রের জন্য বড় সমস্যা হলো প্রেক্ষাগৃহ। দেশের অনেক প্রেক্ষাগৃহই বাণিজ্যিক ভবন ও শপিং কমপ্লেক্সে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এ সমস্যা দূর করতে উদ্যোগ নিচ্ছে সরকার। দেশের ৬৪ জেলার প্রতিটিতে একটি করে সরকারি তথ্য ভবন হবে। এ ভবনে একটি করে সিনেপ্লেক্স থাকবে। সরকারি অনুদান দিয়েও বিভিন্ন জেলায় ডিজিটাল সিনেপ্লেক্স নির্মাণ করা হবে।

নতুন চলচ্চিত্র নীতিমালা অনুযায়ী কোনো চলচ্চিত্রেই রাষ্ট্র ও জনস্বার্থবিরোধী বক্তব্য প্রচার করা যাবে না উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, চলচ্চিত্রে সমুন্নত রাখতে হবে মুক্তিযুদ্ধ, ইতিহাস ও তথ্যের বস্তুনিষ্ঠতা। পরিহার করতে হবে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষা। চলচ্চিত্রে সরাসরি কোনো ধর্ষণের দৃশ্য দেখানো যাবে না। শিশু বা নারী কিংবা উভয়ের প্রতি সহিংসতা বা বৈষম্যমূলক আচরণ বা হয়বানিমূলক কর্মকাণ্ডকে উদ্বুদ্ধ করে এমন কোনো ঘটনা ও দৃশ্য চলচ্চিত্রে প্রদর্শন করা যাবে না।

শফিউল আলম বলেন, কোনো অশোভন উক্তি, আচরণ এবং অপরাধীদের কার্যকলাপের কৌশল প্রদর্শন, যা অপরাধ সংঘটনের ক্ষেত্রে নতুন পদ্ধতির প্রবর্তন ও মাত্রা আনতে সহায়ক হতে পারে, এমন দৃশ্য পরিহার করতে হবে। সুস্থ, শিক্ষামূলক-বিনোদনধর্মী চলচ্চিত্র নির্মাণ, বিতরণ ও প্রদর্শন করতে সরকারি-বেসরকারি পর্যায়ে নীতিগত, অবকাঠামোগত ও কারিগরি সহায়তা দেয়া হবে।

চলচ্চিত্র আমদানি ও রফতানিতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি থাকবে জানিয়ে শফিউল আলম বলেন, এ কমিটি চলচ্চিত্র আমদানি বা রফতানির ক্ষেত্রে সুপারিশ করবে। এছাড়া তথ্যমন্ত্রীর নেতৃত্বে ১৫ সদস্যের চলচ্চিত্র-বিষয়ক জাতীয় পরামর্শক কমিটি থাকবে, যে কমিটি নীতিমালার আলোকে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে বিভিন্ন সুপারিশ করবে।

সেন্সর বোর্ডের নামের ক্ষেত্রে সেন্সর শব্দটিকে নেতিবাচক উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এজন্য বিভিন্ন দেশে সেন্সরের ক্ষেত্রে সার্টিফিকেশন শব্দটি ব্যবহার করা হয়। আমাদের দেশেও পর্যায়ক্রমে সেন্সর সিস্টেম বাদ দিয়ে সার্টিফিকেশন সিস্টেম প্রবর্তন করা হবে।

বৈঠকে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুমদখল আইন ২০১৭-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানান, এতদিন জমি অধিগ্রহণের সময় ক্ষতিপূরণ দেয়া হতো ১৯৮২ সালের একটি অধ্যাদেশ অনুসরণ করে। সামরিক শাসনের সময় জারি করা ওই অধ্যাদেশ উচ্চ আদালতের নির্দেশে বাংলা করে নতুন আইন করা হচ্ছে। আগের আইন অনুযায়ী মসজিদ, মন্দির, প্যাগোডা, কবরস্থান, শ্মশানসহ ধর্মীয় উপাসনালয়ের ভূমি অধিগ্রহণ করা যেত না।

তিনি জানান, সরকারিভাবে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের পরিমাণ জমির দামের দেড়গুণ থেকে বাড়িয়ে তিনগুণ ও বেসরকারিভাবে জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের পরিমাণ চারগুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বাজারদরের ওপর অতিরিক্ত ২০০ ভাগ যুক্ত করা হয়েছে।

ঢাকা থেকে খুলনা হয়ে কলকাতা রুটে নতুন বাস সেবা চালু করতে ভারতের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মোহাম্মদ শফিউল আলম বলেন, ঢাকা-কলকাতা রুটে বেনাপোল হয়ে গাড়ি চলাচল করে। এই চুক্তি হলে ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস চালু হবে। ঢাকা থেকে সড়কপথে বর্তমানে বঙ্গবন্ধু সেতু, হাটিকুমরুল ও যশোরের বেনাপোল হয়ে গাড়ি কলকাতায় যায়। নতুন রুটে মাওয়া হয়ে গোপালগঞ্জ, বাগেরহাট, রূপসা নদী পার হয়ে খুলনা দিয়ে বেনাপোল ও কলকাতা যাবে। এতে দূরত্ব কমবে ৯৬ কিলোমিটার।

সরকার ২৩ জুলাই জাতীয় পাবলিক সার্ভিস দিবস হিসেবে পালনের ঘোষণা দিয়েছে। এদিকে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ‘অটিজম-বিষয়ক চ্যাম্পিয়ন’ হিসেবে স্বীকৃতি পাওয়ায় অটিজম-বিষয়ক বাংলাদেশের জাতীয় উপদেষ্টা পরিষদের সভাপতি সায়মা ওয়াজেদ হোসেনকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। গত ১ এপ্রিল জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলকে এ স্বীকৃতি দেয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.