Sylhet Today 24 PRINT

চৈত্রসংক্রান্তিতে করদাতাদের মিষ্টিমুখ করাবে এনবিআর

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৭

বাংলা বছরের শেষ দিন চৈত্রসংক্রান্তিতে ট্যাক্সদাতাদের মিষ্টিমুখ করানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। পাশাপাশি বাঙালির ঐতিহ্য অনুযায়ী বছরের প্রথম দিন পহেলা বৈশাখে হালখাতারও আয়োজন করবে তারা।

বুধবার (৫ এপ্রিল) সকালে ঢাকায় ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সাথে আলাপকালে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান একথা জানান।

তিনি বলেন, লোকজন যেন সম্মানজনক পরিবেশে তাদের বকেয়া ট্যাক্স পরিশোধ করতে পারে, সেজন্য চৈত্রসংক্রান্তিতে দেশব্যাপী আমাদের অফিসে ট্যাক্সদাতাদের মিষ্টিমুখ করানো হবে।

তিনি আরও জানান, দেশে এই মুহূর্তে মোট ২৮ লাখ মানুষের ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার (টিআইএন) রয়েছে, যা আমাদের লক্ষ্যের (২৫ লাখ) চেয়েও বেশি।

পুরনো বছরের হিসাব নিকাশ সমন্বয় করে নতুন বছরের হিসাবের খাতা খোলার ঐতিহ্যের সাথে মিল রেখেই এ বছর প্রথমবারের মত দিনটি উদযাপন করতে চায় এনবিআর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.