Sylhet Today 24 PRINT

জঙ্গিদের মধ্যে ছাত্রলীগ থাকলেও বিচার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ০৫ এপ্রিল, ২০১৭

জঙ্গিবাদে যেই যুক্ত হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জঙ্গিবাদে ছাত্রলীগ জড়িয়ে পড়লে তাদের ক্ষেত্রেও একইভাবে আইনের প্রয়োগ করা হবে বলেও জানান তিনি।

বুধবার দুপুরে ময়মনসিংহে স্থাপিত জেলা পুলিশের অত্যাধুনিক মিডিয়া সেন্টার ও সিসি ক্যামেরা কন্ট্রোল রুম পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনটিভি অনলাইন।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জঙ্গিবাদে ছাত্রলীগ নেতা আসছে কিংবা জামায়াত-শিবির আসছে এগুলো তো ইনকোয়ারির (তদন্ত) ব্যাপার। ইনকোয়ারি করে আমাদের নিরাপত্তা বাহিনী দেখছে, এখন পর্যন্ত আমাদের কাছে ছাত্রলীগ নামধারী কেউ এই জঙ্গিতে অবস্থান নিয়েছেন কি না তা আমাদের জানা নেই। তবে আইন সবার জন্যই সমান, সে ছাত্রলীগ হোক আর যেই হোক। যে এই সমস্ত জঙ্গি তৎপরতা বা এই ধ্বংসাত্মক প্রচেষ্টায় লিপ্ত হবে তার জন্য আইনানুগ ব্যবস্থা হবে। আর আমরা ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে এই কাজে এখন পর্যন্ত পাইনি।’

ময়মনসিংহ শহরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার সাতজনের মধ্যে জেলার ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়ন শাখা ছাত্রলীগের সহসভাপতি আল আমিনও (২৫) রয়েছেন।

গত সোমবার দুপুরে আল আমিনসহ সাতজনকে ময়মনসিংহ শহরের কালীবাড়ী সড়কে আওয়ামী লীগের নেতা মরহুম অ্যাডভোকেট আনোয়ারুল কাদিরের ছেলে অ্যাডভোকেট আসিফ আনোয়ার মুরাদের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.