Sylhet Today 24 PRINT

সুন্দরবনে উদ্ধারকারীই সারবাহী জাহাজডুবির কারণ

নিউজ ডেস্ক  |  ০৬ মে, ২০১৫

সুন্দরবনের অভ্যন্তরে আটকা পড়া সারবাহী জাহাজডুবির মূল কারণ উদ্ধারকারী দুই কার্গো। মেসার্স নুরুল হক ও এমভি সাদি নামে দুটি কার্গো আটকে পড়া সারবাহী উদ্ধার করতে এসে ঘটায় মূল বিপত্তি।

উদ্ধারকারী কার্গো দুটি উদ্ধারকাজ শুরু করলে হঠাৎ সারবাহী জাহাজের তলা ফেটে যায়। এতে জাহাজের ভেতরে পানি উঠে একটি অংশ নিমজ্জিত হতে শুরু করে।

জানা যায়, গত ৩ মে মংলা বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সারবাহী ওই কার্গো জাহাজটি বিকেল ৫টার দিকে সুন্দরবনের ভোলা নদীর মরাভোলার ডুবোচরে আটকা পড়ে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে সুন্দরবনের ভোলা নদীতে ‘জাবালে নূর’ নামের একটি সারবাহী জাহাজডুবির ঘটনা ঘটেছে। সুন্দরবনের পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের মরাভোলায় ডুবোচরে আটকে জাহাজটির তলা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

বাগেরহাটের শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম সংবাদমাধ্যমকে বলেন, কার্গো জাহাজটি ৬৭০ টন এমওপি সার নিয়ে মংলা বন্দর ছাড়ে বলে শুনেছি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবে যায়। ডুবে যাওয়া ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়লে সুন্দরবনের ইরাবতী ডলফিনসহ ম্যানগ্রোভ বনটির জীববৈচিত্র্য ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এ ঘটনায় জাতিসংঘসহ দেশের পরিবেশবিদরা সুন্দরবনের ভেতর দিয়ে নৌ-চলাচল বন্ধের দাবি জানায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.