Sylhet Today 24 PRINT

ভারত সফরে তিস্তা সমস্যা সমাধানের আশা প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৭

তিস্তা সমস্যার সমাধানে ভারতের সঙ্গে পানিবন্টন বিষয়ক চুক্তি সম্পাদনের বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, 'আমি আশাবাদী যেহেতু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এখানে এসেছেন। তার সঙ্গে বিষয়টি নিয়ে আমি কথা বলবো।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী অপরাহ্নে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে দিল্লি পৌঁছান।

ভারতীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় প্রটোকল ভেঙ্গে বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে স্বাগত জানানোয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সৌজন্যতায় আমি অভিভূত।

শেখ হাসিনা বলেন, 'বাংলাদেশ গঙ্গা ব্যারেজ নির্মাণে ভারতের সহযোগিতা চায়। কারণ এটি নির্মিত হলে দু'দেশই লাভবান হবে।'

ভারত সফরকালে রাষ্ট্রপতি ভবনে অবস্থান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, এটা তার জন্য যদি নতুন কিছু নয়, তিনি আগেও এখানে অবস্থান করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের সদস্য, ভারতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, বুদ্ধিজীবীসহ নাগরিক সমাজের প্রতিনিধিরা সংবর্ধনায় উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.