Sylhet Today 24 PRINT

সিলেটে বোমায় নিহত র‍্যাবের গোয়েন্দা প্রধানের পরিবার পেল ১০ লাখ টাকা

সিলেটটুডে ডেস্ক |  ০৮ এপ্রিল, ২০১৭

সিলেটে জঙ্গি আস্তানা আতিয়া মহলে অভিযানের সময় বোমা বিস্ফোরণে নিহত র‌্যাবের গোয়েন্দা প্রধান মোহাম্মদ আবুল কালাম আজাদের পরিবারকে আর্থিক অনুদান দিয়েছে পুলিশ সদর দপ্তর।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক নিহত আজাদের স্ত্রী সুরাইয়া সুলতানার হাতে ১০ লাখ টাকার একটি চেক তুলে দেন।

পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এবং পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মইনুর রহমানসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সিলেটে জঙ্গি বিরোধী অভিযান 'অপারেশন টোয়াইলাইট' চলাকালে গত ২৫ মার্চ সন্ধ্যায় বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন র‌্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আজাদ। প্রথমে সিলেট থেকে ঢাকায় ও পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পর সেখানকার কোনো চিকিৎসকরা আশা দেখাতে না পারায় তাকে দেশে ফিরিয়ে আনা হয়।

গত ৩১ মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান আজাদ। ওই ঘটনায় আজাদ ছাড়াও পুলিশের দুই কর্মকর্তাসহ ৬ জন নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.