Sylhet Today 24 PRINT

জুলহাস-তনয় হত্যা মামলার প্রতিবেদন দাখিল ৮ মে

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৭

জুলহাস মান্নান ও মাহবুব তনয়

রাজধানীর কলাবাগানে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে হত্যা ও অস্ত্র আইনের মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৯ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম সাজ্জাদুর রহমান এই দিন নির্ধারণ করেন।

মামলা দুটির মধ্যে হত্যা মামলাটি তদন্ত করছেন ডিবির ইন্সপেক্টর বাহাউদ্দিন ফারুকী আর অস্ত্র মামলার তদন্ত করছেন ডিবির পুলিশ পরিদর্শক নুরুল আফসার। আজ (রোববার) এই মামলার প্রতিবেদন দাখিলের ধার্য দিন ছিল। কিন্তু পুলিশ প্রতিবেদন দাখিল না করায় আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এই দিন ঠিক করেছেন। হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের জন্য এ নিয়ে ২৭ বার এবং অস্ত্র মামলায় প্রতিবেদন দাখিলের জন্য ২৬ বার সময় নিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

২০১৬ সালের ২৫ এপ্রিল কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। পরে ওই ঘটনায় জুলহাসের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় একটি মামলা করেন। আর কলাবাগান থানার এসআই মোহাম্মদ শামীম অস্ত্র মামলাটি দায়ের করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.