Sylhet Today 24 PRINT

মুফতি হান্নানসহ ৩ জঙ্গির প্রাণভিক্ষা নাকচ, যেকোন সময় ফাঁসি

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০১৭

ফাঁসির দণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদের শীর্ষ নেতা মুফতি আব্দুল হান্নান ও তার দুই সহযোগীর প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

রোববার (৯ এপ্রিল) এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারাবিধি অনুযায়ী তাদের দণ্ড কার্যকরের প্রস্তুতি চলছে।

দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে মুফতি হান্নান ও তার সহযোগী শরীফ শাহেদুল বিপুলকে রাখা হয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগারে। আর দেলোয়ার হোসেন ওরফে রিপন আছেন সিলেট কেন্দ্রীয় কারাগারে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কামাল বলেন, "তারা (দণ্ডপ্রাপ্ত ৩ জঙ্গি) রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিল, রাষ্ট্রপতি নামঞ্জুর করেছেন। মৃত্যুদণ্ড কার্যকর করতে জেল কোড অনুযায়ী যা করা দরকার সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।"

সিলেটে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা চালিয়ে তিনজনকে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন নাকচ হয়ে যাওয়ার পর অপরাধ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া ছিল এই তিন জঙ্গির প্রাণ বাঁচানোর শেষ সুযোগ। সেই সুযোগ নিতে গত ২৭ মার্চ কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিলেন তারা।

কারাবন্দিদের ক্ষমার আবেদন কারা কর্তৃপক্ষের মাধ্যমে প্রথমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ও পরে আইন মন্ত্রণালয়ে যায়। আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে তা রাষ্ট্রপতির কার্যালয়ে যায়। রাষ্ট্রপতি তার সিদ্ধান্ত দেওয়ার পর ওই নথি ফিরে আসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। শনিবার পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোনো আদেশ বা নথি কারাগারে পৌঁছায়নি বলে জানা গেছে।

২০০৪ সালের ২১ মে সিলেটে হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন পুলিশের এএসআই কামাল উদ্দিন। এছাড়া হাসপাতালে নেয়ার পর মারা যান পুলিশ কনস্টেবল রুবেল আহমেদ ও হাবিল মিয়া নামের আরেক ব্যক্তি। এ ঘটনায় আহত হন আনোয়ার চৌধুরী ও সিলেটের জেলা প্রশাসকসহ অন্তত ৪০ জন।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামি রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেন। তাদের আবেদন গত ১৯ মার্চ সর্বোচ্চ আদালতে খারিজ হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.