Sylhet Today 24 PRINT

পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০১৭

পহেলা বৈশাখে দেশবাসীকে ইলিশ না খেতে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি পহেলা বৈশাখের একটি খাদ্য তালিকাও দিয়েছেন।

মঙ্গলবার (১১ এপ্রিল) ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলন শেষে উঠে চলে যাওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন শেষে উঠে চলে যাওয়ার সময় হঠাৎ ‘কথা আছে’, ‘কথা আছে’ বলে উপস্থিত গণমাধ্যম কর্মীদের থামান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশে বলেন, ‘পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা ইলিশ খাবেন না, ইলিশ ধরবেন না।’

এসময় প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের একটি খাদ্য তালিকাও দেন। তিনি বলেন, ‘পহেলা বৈশাখে খিচুড়ি খাবেন, সবজি খাবেন। মরিচ ভাজা, ডিম ভাজা ও বেগুন ভাজা খাবেন।’

তবে এখন ইলিশের বড় হওয়ার মৌসুম। জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের সব নদীতে ইলিশ ধরা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গত বছরও পহেলা বৈশাখের আয়োজনে ইলিশ ছিল না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.