Sylhet Today 24 PRINT

গুগল ডুডল প্রদর্শন করছে মঙ্গল শোভাযাত্রা

সিলেটটুডে ডেস্ক |  ১৪ এপ্রিল, ২০১৭

প্রতিবছরের ন্যায় এবারও বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ডুডলে এনেছে পরিবর্তন। তবে এবারে গুগল তার সার্চ ইঞ্জিনে প্রদর্শন করছে মঙ্গল শোভাযাত্রার।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১২টার পর পরই সার্চ ইঞ্জিনটি এ ডুডল প্রদর্শন চালু করেছে, যা থাকবে ১লা বৈশাখ (অর্থাৎ ১৪ এপ্রিল) দিনব্যাপী। এর আগে গত বছরও পহেলা বৈশাখে গুগলে ঠিক একই ভাবে দেখানো হয় পরিবর্তন।

তবে গতবারের তুলনায় এবারেরটাতে আছে ভিন্নতা। এবছরেরটাতে আছে নতুন আলোয় রাঙিয়ে তোলা উজ্জ্বল সূর্য, আছে বাংলাদেশের জাতীয় পশু বাঘ, অমঙ্গলের প্রতীক প্যাঁচা, পাখি ও শোভাযাত্রা অংশ নেয়া হাজার হাজার মানুষের উল্লাসের প্রতিচ্ছবি।

তবে এটিতে ইংরেজি গুগল (Google) শব্দের প্রথম বর্ণ ‘G’ কে দেখানো হয়েছে প্যাঁচার আকৃতি দিয়ে। আর ”o” কে দেখানো হয়েছে বাঘের চোখ, চতুর্থ বর্ণ ‘G’ কে দেখানো হয়েছে পাখির রূপে কুকুরের আকৃতিতে দেখানো হয়েছে পঞ্চম বর্ণ ”L”কে এবং সব শেষ হাসি মুখে সূর্য মুখি ফুলেল রূপে আছে “e” বর্ণটি।

ডুডল- অর্থাৎ বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলাকে বোঝায়। বিশেষ দিনে বা অন্য কোনো উপলক্ষে সার্চ ইঞ্জিনটির হোম পেজে বিশেষ প্রদর্শন করা হয়।

গত শতকের ৮০ এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে পহেলা বৈশাখে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন শুরু হয়।

বাংলাদেশে বাংলা বর্ষবরণের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা ২০১৬ সালে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান করে নিয়েছে। এদিকে প্রতিবছর মঙ্গল শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হলেও এবছর থেকে সরকারের নির্দেশে প্রত্যেক স্কুল, কলেজ ও সরকারি বেসরকারি ইউনিভার্সিটি থেকে পৃথক ভাবে মঙ্গল শোভাযাত্রা বের করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.