সিলেটটুডে ডেস্ক | ১৬ এপ্রিল, ২০১৭
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনও নিজস্ব ক্যাম্পাসে যায়নি তাদের নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করে দেওয়া হবে।
শনিবার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। রাজধানীর ভাটারা থানাধীন মাদানী এভিনিউয়ে প্রথমবারের মতো নিজস্ব ক্যাম্পাসে সমাবর্তনের আয়োজন করে বিশ্ববিদ্যালয়টি।
ন্যূনতম শর্ত পূরণ না করে চলমান বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আবারও সতর্ক করে দেন তিনি। তিনি বলেন, 'এরকম কিছু বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে। আশা করি, যারা আন্তরিক তারা আমাদের সহযোগিতা করবেন, না হলে আমাদের কোন বিকল্প থাকবে না।'
শিক্ষামন্ত্রী বলেন, এরপরও যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় মুনাফার লক্ষ্য নিয়ে চলতে চায়, নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিজস্ব ক্যাম্পাস স্থাপন করায় খুশি হয়ে নুরুল ইসলাম নাহিদ বলেন, অদূর ভবিষতে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও তাদের সমাবর্তন নিজস্ব ক্যাম্পাসে করবে।
তরুণ, মেধাবী, কোমলমতি, প্রাণবন্ত ও সম্ভাবনাময় শিক্ষার্থীরা যাতে ইসলামের ভুল ব্যাখ্যাদানকারী জঙ্গিদের কবলে পড়ে জীবন ধ্বংস না করে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান শিক্ষামন্ত্রী নাহিদ। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদের প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেন, কেবল সনদ লাভের উদ্দেশে সীমাবদ্ধ না রেখে দেশ ও জাতির সেবায় নিয়োজিত করতে হবে। আধুনিক তথ্য-প্রযুক্তিতে জ্ঞান আহরণ করার আহ্বান জানান তিনি।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় ব্যক্তি ও গোষ্ঠীস্বার্থে আইন না মেনে ছলচাতুরি করছে। কিছু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে উচ্চহারে বেতন নিলেও শিক্ষাগত দক্ষতা বৃদ্ধি ও সুবিধা প্রদানে কার্পণ্য করার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সম্পূর্ণ সজাগ।
বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. রিজওয়ান খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
সমাবর্তনে এক হাজার ৬১০ জন শিক্ষার্থীকে গ্রাজুয়েট ও পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৬জনকে স্বর্ণপদক প্রদান করা হয়।