সিলেটটুডে ডেস্ক | ১৬ এপ্রিল, ২০১৭
রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ঘটনায় তথ্য প্রদানের ক্ষেত্রে পুলিশকে অসহযোগিতার মামলায় তাহমিদ হাসিব খানকে খালাস দিয়েছেন আদালত।
রোববার (১৬ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান এ রায় ঘোষণা করেন। রায়ের সময় তাহমিদ আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, গত বছরের ৩ আগস্ট হলি আর্টিজানে হামলার ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাহমিদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৫৪ ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তার বিরুদ্ধে পুলিশকে অসহযোগিতা করার অভিযোগ আনা হয়। গত ১০ জানুয়ারি ঢাকার মহানগর হাকিম মাহমুদুল হাসান এ মামলায় তাহমিদের বিচার শুরুর আদেশ দেন।
এর আগে গত বছরের ৪ আগস্ট রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার জি-ব্লকের একটি বাসা থেকে রাত ৯টার দিকে তাহমিদকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত বছরের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলার পর রাতেই তারা ২০ জনকে গুলি ও জবাই করে হত্যা করে। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী ও রেস্তোরাঁর এক কর্মী।
ওই ঘটনায় মোট ২৯ জন নিহত হন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম, কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানের সময় আটক রাকিবুল ইসলাম রিগ্যান ও রাজীব গান্ধীকে গুলশান হামলা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।