নিউজ ডেস্ক | ০৭ মে, ২০১৫
সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময়ে ধারাবাহিক বাসে আগুন আর পেট্টোলবোমা হামলার একটি মামলার চার্জশিট জমা দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে করা হয়েছে হুকুমের আসামি, অভিযুক্ত ৩৮ জন।
বুধবার (৬ মে) সন্ধ্যায় ডিবির উপপরিদর্শক (এসআই) বশির আহমেদ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পুলিশের দায়ের করা দুই মামলার চার্জশিট দাখিল করেন।
গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীতে গ্লোরী পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩০ জন দগ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। ঘটনার দুইদিন পর যাত্রাবাড়ি থানার এসআই কে এম নুরুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিশেষ ক্ষমতা আইনসহ যাত্রাবাড়ী থানায় দুটি মামলা দায়ের করেন। ওই মামলায় ২০ দলীয় জোটের আরও ৬৮ নেতাকর্মীকে আসামি করা হয়েছিল।
চাঞ্চল্যকর ঘটনা হিসেবে যাত্রাবাড়ী থানা থেকে মামলাটির তদন্তভার ন্যস্ত হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে। এরপর গোয়েন্দা কর্মকর্তারা হামলার সঙ্গে সরাসরি যুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করেন। তাদের মধ্যে সোহাগ, লিটন ওরফে সাব্বির, রফিকুল ইসলাম ওরফে মাসুম ও নজরুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দিতে নৃশংস এই ঘটনার পরিকল্পনা থেকে শুরু করে হামলার শেষ পর্যন্ত আদ্যোপান্ত উঠে আসে বলে দাবি করা হয়েছে।
আসামির তালিকায় আরও যারা আছেন তারা হলেন- যাত্রাবাড়ীতে গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় খালেদা জিয়া ছাড়াও চার্জশিটভুক্তদের তালিকায় রয়েছেন- দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ সপু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপিপন্থি শিক্ষক নেতা সেলিম ভুইয়া। এছাড়াও আছেন- হামলায় মাঠ পর্যায়ের সমন্বয়কারী সোহাগ, লিটন ওরফে সাব্বির, রফিকুল ইসলাম ওরফে মাসুম ও নজরুল ইসলাম।