সিলেটটুডে ডেস্ক | ১৬ এপ্রিল, ২০১৭
চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ১৫ লাখ মেট্রিক টন ধান ও চাল কিনবে সরকার। আর এর সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি চাল ৩৪ টাকা ও ধান ২৪ টাকা।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
তিনি বলেন, এ বছর ধান সংগ্রহ করা হবে ৮ লাখ মেট্রিক টন ধান এবং চাল সংগ্রহ করা হবে ৭ লাখ মেট্রিক টন। সরকার ধান-চাল কেনার মূল্য কৃষককে সরকারি অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে পরিশোধ করবে। যাতে মধ্যস্বত্বভোগীদের কোনো দৌরাত্ম না থাকে। কৃষকরা যাতে উচিত মূল্য পায়।
তিনি আরো বলেন, আগামী ২ মে থেকে শুরু হয়ে এ ধান-চাল সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এছাড়া এক লাখ টন গম সংগ্রহ করা হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রতি কেজি গমের দাম নির্ধারণ করা হয়েছে ২৮ টাকা। আগামী ১৮ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত গম সংগ্রহ করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।