Sylhet Today 24 PRINT

সিলেটে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে ২৪ লাখ টাকা করে প্রদান

সিলেটের আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ১৬ এপ্রিল, ২০১৭

সিলেটের শিববাড়ি এলাকায় আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান  চলাকালে বাহিরে বোমা বিস্ফোরণে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে পরিবারকে ২৪ লাখ করে ৪৮ লাখ টাকার অনুদান দিয়েছে পুলিশ।

রোববার (১৬ এপ্রিল) দুপুরে ঢাকার পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এ অনুদান তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।

সাম্প্রতিককালে দেশব্যাপী জঙ্গি দমন অপারেশনে নিহত পুলিশ সদস্যদের পরিবার ও আহত পুলিশ সদস্যদের আর্থিক অনুদান ও সম্মাননা দিতেই এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

প্রদানকৃত  অনুদানের মধ্যে ২০ লাখ করে দুই পরিবারকে ৪০ লাখ টাকার সঞ্চয়পত্র দিয়েছে বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার। এছাড়াও সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে তাঁদের পরিবারের হাতে চার লাখ টাকা করে মোট আট লাখ টাকা অনুদান দেওয়া হয়। এ সময় আহত আরো সাত পুলিশ সদস্যকে অনুদান দেওয়া হয়।

নিহত পুলিশ  আবু কয়ছর চৌধুরী (আদালত পরিদর্শক) এর স্ত্রী ছায়রা ফারহান চৌধুরী লোপাকে ২৪ লাখ টাকা এবং নিহত পুলিশ  মো. মনিরুল ইসলাম ওসি (তদন্ত) এর স্ত্রী পারভিন আক্তারকে ১২ লাখ ও তার মা ফিরোজা খানমকে ১২ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দেন আইজি।

শিববাড়ি জঙ্গি অভিযানে আহত সাতজন পুলিশ সদস্যকেও আর্থিক অনুদান দেয়া হয়। তাদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার সায়েম মাহমুদ, পরিদর্শক শাহ হারুন, সহকারী উপরিদর্শক জনি লাল দে, কনস্টেবল আসিফ, আবদুস সালাম।

উক্ত অনুদান প্রদান অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার  আসমা বেগম রিটার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিদর্শক প্রশাসন মো. মোখলেসুর রহমান, অতিরিক্ত মহাপরিদর্শক (এইচআরএম) মো. মঈনুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং সিলেট মহানগর পুলিশের কমিশনার গোলাম কিবরিয়া।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সিলেটে জঙ্গিবিরোধী অভিযান  চলাকালে আতিয়া মহলের বাহিরে দু দফায় বোমা বিস্ফোরণে সিলেটের  পুলিশ পরিদর্শক (আদালত) মো. আবু কয়ছর ও জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. মনিরুল ইসলাম গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এতে আহত হন আরো ৭জন পুলিশ কর্মকর্তা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.