সিলেটটুডে ডেস্ক | ১৬ এপ্রিল, ২০১৭
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন সুনামগঞ্জ -২ আসনে উপ-নির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্ত।
রোববার (১৬ এপ্রিল) বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ ভবনে তার কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আব্দুর রব হাওলাদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, প্রধান হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, হুইপ মোছা. মাহাবুব আরা বেগম গিনি, এস এম আবুল কালাম আজাদ এবং পঙ্কজ নাথ।
প্রসঙ্গত, সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূন্য সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উপনির্বাচনে জয়ী হন তার স্ত্রী জয়া। গত ৩০ মার্চ ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। ন্যাপ, একতা পার্টি, গণতন্ত্রী পার্টি হয়ে দুই যুগ আগে আওয়ামী লীগে যোগ দেন ঝানু পার্লামেন্টারিয়ান হিসেবে পরিচিত সুরঞ্জিত। শেখ হাসিনার সরকারে কিছুদিনের জন্য মন্ত্রীও ছিলেন তিনি।