Sylhet Today 24 PRINT

হত্যা মামলায় গ্রেপ্তারের পর ৫ দিনের রিমান্ডে শাহাবুদ্দীন নাগরী

সিলেটটুডে ডেস্ক |  ১৭ এপ্রিল, ২০১৭

শাহাবুদ্দীন নাগরী

রাজধানীর এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় কবি ও সাবেক কর কর্মকর্তা শাহাবুদ্দীন নাগরীকে গ্রেপ্তারের পর তাকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার সকালে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। এলিফ্যান্ট রোডে নূরুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মতলুবুর রহমান মামলাটি তদন্ত করছেন।

নিউমার্কেট থানা পুলিশ জানায়, গত ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ ডোম-ইনো অ্যাপার্টমেন্টে নিজ বাসার বেড রুমে ব্যবসায়ী নূরুল ইসলামের মরদেহ পাওয়া যায়। এই ঘটনায় পরদিন ১৪ এপ্রিল নিউমার্কেট থানায় নিহতের বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নিহতের স্ত্রী ও স্ত্রীর বন্ধু কবি শাহাবুদ্দীন নাগরীসহ আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। এরপর পুলিশ শাহাবুদ্দীন নাগরীকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মোহাম্মদ সুরুজ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.