Sylhet Today 24 PRINT

৬ আন্তর্জাতিক রুটে বিমানের টিকিটের ২০ শতাংশ ছাড়

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৭

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত পর্যটন মেলা উপলক্ষে ৬টি আন্তর্জাতিক রুটে টিকিট মূল্যে ২০ শতাংশ ছাড় দিয়েছে।

সোমবার বিমানের সহকারী ব্যবস্থাপক তাছমিন আকতারের পাঠোনো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বৃহস্পতিবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনের এই মেলা শুরু হবে। এর উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। আন্তর্জাতিক এই পর্যটন মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

মেলা উপলক্ষে দেশি-বিদেশি পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণপিপাসুদের জন্য ঢাকা থেকে ব্যাংকক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসে ২০ শতাংশ ছাড় দেবে বিমান বাংলাদেশ। মেলায় বিমান বাংলাদেশের স্টল থেকে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে রিটার্ন টিকিট হবে ১৯ হাজার ৭৫০ টাকা, ঢাকা-সিঙ্গাপুর-ঢাকা রুটে ২৪ হাজার ২৭৫ টাকা, ঢাকা-ইয়াঙ্গুন-ঢাকা রুটে ২২ হাজার ৫৪০ টাকা,  ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা রুটে ১৮ হাজার ৬৫৫ টাকা, ঢাকা-কলকাতা-ঢাকা রুটে ১১ হাজার ৭৮০ টাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে ১৪ হাজার ৭১৫ টাকায় টিকিট কিনতে পারবেন। টিকিট কেনার দিন থেকে অবশ্যই ৬ মাসের মধ্যে ভ্রমণে যেতে হবে।

মেলা চলাকালীন বিমানের স্টল থেকে আন্তর্জাতিক অন্যান্য রুটে সাত শতাংশ ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে এবং সব ক্রেডিট কার্ডসহ নগদ মূল্যে টিকিট ক্রয় করা যাবে বলে জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.