Sylhet Today 24 PRINT

জাতীয় তথ্য ভাণ্ডারের সংরক্ষিত তথ্যে প্রবেশাধিকার চায় তিন দূতাবাস

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৭

ঢাকাস্থ তিন দেশের দূতাবাস বাংলাদেশের জাতীয় তথ্য ভাণ্ডারের সংরক্ষিত তথ্যে প্রবেশাধিকার পেতে আগ্রহ প্রকাশ করেছে। এজন্যে নির্বাচন কমিশনে (ইসি) তারা এ বিষয়ে আবেদন করেছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের (এনআইডি উইং) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন ভবনে এনআইডি প্রকল্প কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। কোন কোন দেশের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে সে বিষয় জানান নি তিনি।

তবে নাগরিকের ব্যক্তিগত তথ্যের কতটুকু প্রকাশযোগ্য তা নিয়ে সিদ্ধান্তহীনতায় রয়েছে ইসি।

মহাপরিচালক জানিয়েছেন, নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এনআইডির মহাপরিচালক বলেন, দেশের ১০ কোটিরও বেশি ভোটারের ব্যক্তিগত তথ্য জাতীয় তথ্যভাণ্ডারে সংরক্ষিত রয়েছে। যেখানে একজন ভোটারের নাম-ঠিকানাসহ ৩১ ধরনের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করা রয়েছে।

এনআইডি সার্ভারের তথ্যে প্রবেশাধিকার চেয়ে বিদেশি দূতাবাসের আবেদন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সরকারি ও বেসরকারি মিলে ৭৪টি সংস্থা ইসির সার্ভারে নির্দিষ্ট তথ্য ব্যবহারের সুযোগ পাচ্ছে। তিনটি বিদেশি দূতাবাস এই সুযোগ পেতে লিখিত আবেদন করেছে। আরও কয়েকটি দেশ মৌখিকভাবে আলোচনা করেছে। এই সিদ্ধান্তের বিষয়ে নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা ও জাতীয় নিরাপত্তা স্বার্থ জড়িত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.