সিলেটটুডে ডেস্ক | ১৮ এপ্রিল, ২০১৭
ফাইল ছবি
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশের তেঁতুল হুজুর চক্র রাজাকারপন্থী, পাকিস্তানপন্থী ও জঙ্গিপন্থী।
মঙ্গলবার (১৮ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, যারা বাংলাদেশে রাজনীতি করবে, তাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, জাতির পিতা ও সংবিধানের চার নীতি এবং ২৫ মার্চের কালরাতকে মানতে হবে। বাংলাদেশে রাজনীতি করতে চাইলে রাজাকার, জঙ্গি, যুদ্ধাপরাধী ও জামায়াতকে ছাড়তে হবে। তবেই তারা রাজনীতির উপযোগী হবে।
তিনি বলেন, বাংলাদেশের তেঁতুল হুজুর চক্র হলো রাজাকারপন্থী, পাকিস্তানপন্থী ও জঙ্গিপন্থী। তেতুঁল হুজুর চক্র একটি ধর্মবিরোধী চক্র। এরা বাংলাদেশের কোনো আলেম, ওলামার প্রতিনিধিত্ব করে না। তেতুঁল হুজুর চক্র আসলে একটি রাজনৈতিক মোল্লা চক্র। এদের সঙ্গে মহাজোটের রাজনৈতিক লেনদেনের কোনো প্রশ্নই ওঠে না।
এ সময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন এবং জাসদ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।