Sylhet Today 24 PRINT

গুলশানের হলি আর্টিজানে হামলা মামলার তদন্ত প্রতিবেদন ১৩ মে

সিলেটটুডে ডেস্ক |  ১৮ এপ্রিল, ২০১৭

গত বছর রাজধানীর গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে হামলা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৩ মে দিন ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন এ নতুন দিন ধার্য করেন। এদিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু প্রতিবেদন দেয়া হয় নি।

গত বছরের ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই রাতেই তারা বিদেশী নাগরিকসহ ২০ জনকে হত্যা করে। রাতে অভিযানের সময় বন্দুকধারীদের বোমার আঘাতে নিহত হন পুলিশের দুই কর্মকর্তা।

পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ হামলাকারী। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরেকজন।

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর মুখপাত্র আমাক- এর বরাত দিয়ে হামলাকারীদের ছবি প্রকাশ করে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স। সেখানে হামলার দায় স্বীকার করে আইএস।

এ ঘটনায় গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলার পর নর্থ সাউথের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। এছাড়া, এ মামলায় কল্যাণপুরের জঙ্গি আস্তানা থেকে আটক রাকিবুল হাসান রিগ্যানকে গ্রেপ্তার দেখানো হয়। তিনি এ মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.