Sylhet Today 24 PRINT

বাকশক্তি হারিয়ে ফেলেছেন মুসা বিন শমসের!

সিলেটটুডে ডেস্ক |  ১৯ এপ্রিল, ২০১৭

শুল্ক ফাঁকির অভিযোগে আটক মুসা বিন শমসেরের রেঞ্জ রোভার গাড়ি

বিতর্কিত ধনকুবের মুসা বিন শমসের জানিয়েছেন, তিনি বাকশক্তি হারিয়ে ফেলেছেন।

বুধবার (১৯ এপ্রিল) শুল্ক গোয়েন্দাদের কাছে পাঠানো এক চিঠির মাধ্যমে একথা জানিয়েছেন তিনি। চিঠির সাথে তিনি এ বিষয়ে ডাক্তারের সার্টিফিকেটও জমা দিয়েছেন।

বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, ওই চিঠির একটি কপি তাদের (বিবিসি) হাতে এসে পৌঁছেছে। চিঠিতে মুসা দাবি করেছেন, তার মুখের একপাশ পক্ষাঘাতগ্রস্ত। তার বাকশক্তি মারাত্মকভাবে লোপ পেয়েছে। তিনি ভালভাবে কথা বলতে পারছেন না। সে কারণে তিনি শারীরিক ও মানসিকভাবে ভীষণভাবে পর্যুদস্ত।

ডাক্তার তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে পরামর্শ দিয়েছেন এবং বিশ্রাম নিতে বলেছেন বলে ঐ চিঠিতে তিনি উল্লেখ করেন। সে কারণে শুল্ক গোয়েন্দা তদন্ত দলের সামনে সশরীরে হাজির হতে তিন মাস সময় প্রার্থনা করেন মুসা।

গত ২১ মার্চ শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মুসার মালিকানাধীন একটি বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি আটক করেন। ওই গাড়ির শুল্ক ফাঁকি ও মানিলন্ডারিং সংক্রান্ত তদন্তের জন্য আগামী ২০ এপ্রিল মুসা বিন শমসেরের শুল্ক গোয়েন্দা দপ্তরে হাজির হওয়ার কথা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.