Sylhet Today 24 PRINT

হাওরের দুর্গত মানুষের সহায়তায় বিএনপিকে পাশে চায় সরকার

সিলেটটুডে ডেস্ক |  ২১ এপ্রিল, ২০১৭

ফাইল ছবি

বিএনপিকে সরকারের পাশে থেকে দুর্গত মানুষকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

শুক্রবার (২১ এপ্রিল) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি আহ্বান জানান।

গতকাল বৃহস্পতিবার হানিফের নেতৃত্বে পাহাড়ি ঢলে প্লাবিত হাওরাঞ্চল পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। এ উপলক্ষে আজকের এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে হানিফ বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন ব্যর্থতার প্রমাণ দিয়েছে। এখন বর্তমান সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে মিথ্যাচার করছে। সরকারের উন্নয়ন পদক্ষেপ নিয়ে অহেতুক মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত্রি ছাড়াচ্ছে। এসব করে দলটি মানসিক প্রতিবন্ধী হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক বিকারগ্রস্ত ও দেউলিয়া হয়ে গেছে।'

এ সময় দায়িত্বশীল দল হিসেবে বিএনপিকে সরকারের পাশে থেকে দুর্গত মানুষকে সহায়তা করার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা।

হাওর নিয়ে হানিফ বলেন, হাওরে বাঁধ নির্মাণে কারও গাফিলতি থাকলে তার বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমেদ হোসেন, সুজিত রায় নন্দী, সামছুন্নাহার চাঁপা, রোকেয়া সুলতানা, রেমন আরেং, এসএম কামাল হোসেন, গোলাম রব্বানী চিনু, ফরিদুন্নাহার লাইলী, ড. আবদুস সোবহান গোলাপ, মারুফা আক্তার পপি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.