Sylhet Today 24 PRINT

সাগরে নিম্নচাপ, সতর্কতা জারি

সিলেটটুডে ডেস্ক |  ২২ এপ্রিল, ২০১৭

বায়ুচাপের তারতম্যের  উত্তর বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এতে দেশের চার সমুদ্রবন্দরে জারি করা হয়েছে সতর্কতা।

শুক্রবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আগামী ৭২ ঘণ্টায় (তিনদিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.