সিলেটটুডে ওয়েব ডেস্ক | ০৭ মে, ২০১৫
বাংলাদেশ-ভারতের মধ্যে এতদিন ধরে থাকা অমীমাংসিত স্থল-সীমানা ইস্যুর সমাধানে আওয়ামীলীগ সরকারের সাফল্যকে ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন- ভারতের সংসদে স্থল সীমানা চুক্তি অনুমোদন আওয়ামীলীগ সরকারের এক ঐতিহাসিক বিজয়।
তিনি আরও বলেন বলেন- ভারতের সংসদ আজ স্থল-সীমান্ত চুক্তি অনুমোদন করেছে। এটি একটি ঐতিহাসিক চুক্তি যেটি ৪১ বছর পূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ইন্দিরা গান্ধী কর্তৃক স্বাক্ষরিত হয়েছিলো। ১৯৭৫ সালের সামরিক অভ্যুত্থানে পর থেকে ধারাবাহিকভাবে সামরিক শাসনের সময় ভারতীয় সংসদে কখনো এই বিল অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়নি এবং বাংলাদেশের সরকারও কখনো চেষ্টা করেনি। স্থল-সীমান্ত বিষয় সব সমস্যার সমাধান করতে বছরের পর কূটনৈতিক আলোচনার দরকার পড়েছে কিন্তু শেষ পর্যন্ত আমাদের আওয়ামী লীগ সরকার এই ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।
এটি ঘটলো সমুদ্রসীমা নির্ধারণ মামলায় ভারত এবং মায়ানমারের সাথে আমাদের অসাধারণ বিজয়ের পরপরই যেখানে আমরা সমুদ্র-সীমার বেশিরভাগ অংশই জিতেছিলাম- উল্লেখ করেন জয়।
আওয়ামীলীগকে বাংলাদেশের একমাত্র জাতীয়তাবাদী দল আখ্যা দিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন- আমি বারবারই বলে আসছি যে একমাত্র একটি সত্যিকারের জাতীয়তাবাদী সরকারই জাতির জন্য এমন বিজয় এনে দিতে পারে। শুধু নিজেদেরকে জাতীয়তাবাদী বললেই কেউ জাতীয়তাবাদী হয়ে যায় না। আওয়ামী লীগ আমাদের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছে এবং এটিই একমাত্র সত্যিকারের জাতীয়তাবাদী রাজনৈতিক দল।
জয় দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন- আমাদেরকে অবশ্যই স্বাধীনতার সত্যিকারের জাতীয়তাবাদী চেতনাকে প্রজ্বলিত করতে হবে।
এছাড়াও জয় ইউটিউবে প্রচারিত এক ভিডিও বক্তৃতার লিংক উল্লেখ করে তিনি লিখেন- এই প্রসঙ্গে এখানে গতকাল রাতে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত একটি সভায় আমার দেয়া একটি বক্তৃতা আছে যেখানে আমি জাতীয়তাবাদ নিয়ে কথা বলেছিলাম।