Sylhet Today 24 PRINT

হাওরের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৪ এপ্রিল, ২০১৭

হাওর এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ তৎপরতা জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে এ পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো আরও বেশি প্রচারের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি।

সোমবার (২৪ এপ্রিল) সচিবালয়ের মন্ত্রীপরিষদ সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠক শেষে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, হাওরে বন্যাদুর্গত এলাকায় যে ত্রাণ দিচ্ছে সরকার তাতে যেন কোনও ঘাটতি না হয়। দুর্গত মানুষদের মাঝে যেন পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়। কেউ যেন না খেয়ে থাকে। আর সরকারের এ ত্রাণ কার্যক্রম যেন মিডিয়ায় ফলাও করে প্রচারের ব্যবস্থা করা হয়। যাতে জনগণ জানতে পারে দুর্গত মানুষের পাশে সরকার আছে। তাদের জন্য সরকার কাজ করছে। যতদিন পর্যন্ত এ অবস্থার উন্নতি না হয়, ততদিন সরকার ত্রাণের কাজ করবে। এসব বিষয় যেন জনগণ জানতে পারে।’

বাঁধ নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হয়নি। অন্য ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, মানুষ রিলিফ ঠিকমতো পাচ্ছে কিনা।

উল্লেখ্য, গত রবিবার সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘বন্যাকবলিত এলাকার মানুষের সহায়তায় সোমবার থেকে কর্মসূচি শুরু হবে। পরবর্তী একশ দিনের জন্য প্রত্যেক পরিবারকে মাসে ত্রিশ কেজি চাল এবং নগদ ৫শ’ টাকা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘এ কর্মসূচির আওতায় সুবিধা পাবেন তিন লাখ ত্রিশ হাজার পরিবার। এ সংখ্যা আরও বাড়তে পারে। এ কর্মসূচিতে সরকারের ৩০/৩৫ হাজার মেট্রিক টন চাল এবং ৫০ কোটি টাকার প্রয়োজন। তবে যারা রিলিফ নেবেন না, তাদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল ও ১০ টাকা কেজি দরে ন্যায্যমূল্যে চাল বিক্রি অব্যাহত থাকবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.