Sylhet Today 24 PRINT

হাওরাঞ্চলে আগামী ফসল না ওঠা পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে : ত্রাণমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৫ এপ্রিল, ২০১৭

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত হাওরাঞ্চলে আগামী ফসল না ওঠা পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের সোনাইখালি গ্রামে চেংরাম হাওর এলাকা পরিদর্শনের সময় মন্ত্রী এ কথা বলেন।

ত্রাণমন্ত্রী বলেন, "প্রতিটি অসহায় পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা দেওয়া হবে। কাজেই খাবার নিয়ে চিন্তা করবেন না, খাদ্যের সংকট নাই। বাংলাদেশ ব্যাংক আপাতত কৃষি ঋণ আদায় স্থগিত করেছে। এ নিয়ে দুশ্চিন্তা করবেন না। এনজিওগুলোকে বলছি, আপনারা আপনাদের ঋণের কিস্তি আদায় আপাতত এক বছর বন্ধ রাখুন।"

তিনি বলেন, "ত্রাণ নিয়ে কোনও ধরণের কারচুপি হতে দেবেন না। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে। ত্রাণ নেওয়ার আগে আপনার জন্য কত কেজি বরাদ্দ করা হয়েছে ও কত কেজি দেওয়া হচ্ছে তা বুঝে নেবেন।"

এ সময় ত্রাণমন্ত্রীর সঙ্গে ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, নেত্রকোনা-২ আসনের এমপি এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোনা-৩ আসনের এমপি ইফতেখারুল আলম পিন্টু, নেত্রকোনার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় প্রমুখ।

হাওরাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গতকাল সোমবার নেত্রকোনা সফরে যান ত্রাণমন্ত্রী। সোমবার রাতে নেত্রকোনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে সভা করেন তিনি। সভায় আগামী ২৬ এপ্রিল দুপুর ১২টার মধ্যে জেলা প্রশাসকের কাছে হাওরের ক্ষয়ক্ষতি এবং তা থেকে পরিত্রাণের উপায় সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে জেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.