সিলেটটুডে ডেস্ক | ২৫ এপ্রিল, ২০১৭
চাঁদা না দিলে বাংলাদেশে অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশনকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর গুলশান-২ নম্বরে অবস্থিত হাইকমিশনে পাঠানো ই-মেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, আজ সকালে অজ্ঞাত একটি ই-মেইল থেকে পাঠানো এক বার্তায় হাইকমিশনারের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা না দিলে বোমা মেরে হাইকমিশন উড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয়।
ওসি আরো জানান, হুমকির পর হাইকমিশন কার্যালয়ের নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জানা গেছে, যে ই-মেইল অ্যাকাউন্ট থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে, সেটি বাড্ডা লিংক রোডের এক ব্যবসায়ীর। তাকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।