Sylhet Today 24 PRINT

হাওরে বন্যায় ৬ লাখ মেট্রিকটন ফসল নষ্ট হয়েছে : খাদ্যমন্ত্রী

সিলেটটুডে ডেস্ক |  ২৬ এপ্রিল, ২০১৭

ফাইল ছবি

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এবারের বন্যায় হাওর অঞ্চলে ৬ লাখ মেট্রিকটন ফসল নষ্ট হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে খাদ্য, পোল্ট্রি ও কৃষিপণ্য প্রদর্শনী বিষয়ক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বন্যায় হাওর অঞ্চলে ৬ লাখ মেট্রিকটন ধান নষ্ট হলেও তাতে সরকারের মজুদে কোনো প্রভাব পড়বে না। বছরে প্রায় ৩ কোটি ৫০ লাখ  মেট্রিকটন চাল উৎপাদন হয়। বছরে খাদ্য চাহিদা রয়েছে ২ কোটি ৯০ লাখ মেট্রিকটনের কাছাকাছি। হাওর অঞ্চলের বন্যা দুর্গতদের জন্য ইতিমধ্যেই ওএমএস চালুসহ সরকার বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। বর্তমানে সরকরের খাদ্য মজুদও যথেষ্ট সন্তোষজনক।

কামরুল ইসলাম বলেন, ১৯৯৮ সালে যখন দেশ কঠিন বন্যার কবলে পড়েছিল, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই বন্যা সফলভাবে মোকাবিলা করেছিল।

তিনি বলেন, নিরাপদ খাদ্য প্রাপ্তি জনগণের সাংবিধানিক অধিকার। এই সাংবিধানিক অধিকার প্রদান করার ব্যাপারে অতীতে কোনো সরকারই চেষ্টা করে নাই। এই অধিকার আমরা দিতে চাই। এখন আমরা জনগণ এবং ব্যবসায়ীদেরকে সচেতন করছি। সামাজিক সচেতনতা সৃষ্টি করছি। যে সমস্ত বড় বড় কোম্পানি খাদ্য উৎপাদন করে তাদেরকে আরো স্বচ্ছ ও সচেতন হতে হবে। যেন তাদের উৎপাদিত খাদ্য নিরাপদ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সচিব ড. শামসুল আলম, আরডি এর মহাপরিচালক এমএ মতিনসহ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ ভোক্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.