Sylhet Today 24 PRINT

ক্ষতিগ্রস্ত হাওরবাসীর পুনর্বাসনের দাবিতে বাসদের মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ২৭ এপ্রিল, ২০১৭

ক্ষতিগ্রস্থ হাওরবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ও দুর্নীতি-অনিয়ম-দলীয়করণমুক্তভাবে আগামী ফসল না ওঠা পর্যন্ত ক্ষতিগ্রস্থ হাওরবাসীকে পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রদান এবং কৃষি পুনর্বাসন করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ বিভিন্ন এলাকায় ঘুরে ত্রাণ সংগ্রহ করেন।

মানববন্ধনে বাসদের কেন্দ্রীয় সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ বলেন, অবিলম্বে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা ও সরকারি-বেসরকারি সকল কৃষি ঋণ মওকুফ এবং সুদ মুক্ত কৃষি ঋণ প্রদান করতে হবে। ক্ষতিগ্রস্থ হাওরবাসীকে ত্রাণ সামগ্রী দেবার নামে তামাশা করা হচ্ছে। সর্বস্ব হারানো এই হাওরবাসীর ত্রাণ সহায়তা নয়, পর্যাপ্ত ক্ষতিপূরণ দাবি করেন এই নেতা।

বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, ক্ষতিগ্রস্থ হাওর এলাকার শিক্ষা ও স্বাস্থ্য পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে। তিনি দেশবাসীকে হাওর অঞ্চলের সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য, আকস্মিক অতিবৃষ্টি, পাহাড়ি ঢল আর নদীর পানির অস্বাভাবিক বৃদ্ধির কারণে এবং পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এর সীমাহীন দুর্নীতির কারণে নির্মিত বাঁধ ভেঙ্গে যাবার ফলে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মনবাড়িয়া, নেত্রকোনা ও কিশোরগঞ্জ এই সাত জেলার ৪০০টি হাওরের একমাত্র ফসল বোরো ধান ঘরে তোলার আগেই তলিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.