Sylhet Today 24 PRINT

জঙ্গি আবুর লাশ নেবেন না মা

সিলেটটুডে ডেস্ক |  ২৮ এপ্রিল, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় 'অপারেশন ঈগল হান্টে' নিহত নব্য জেএমবি নেতা আবুর লাশ নেবেন না বলে জানিয়েছেন তার মা ফুলসানা বেগম। তবে আবুর দুই মেয়ের সব দায়িত্ব নিতে রাজি আছেন তিনি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মোবারকপুরের শিবনগর গ্রামের জঙ্গি আস্তানায় পরিচালিত অভিযানে আবুসহ ৪ জঙ্গি নিহত হয়। এর আগে সেখান থেকে আবুর স্ত্রী সুমাইয়া ও চার বছরের মেয়ে সাহিদাকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আবুর আরেক মেয়ে নুরী (৭) তার নানীর কাছে রয়েছে।

শুক্রবার সকালে নিহত আবুর স্ত্রী সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছে সোয়াট। এরপর সেখানে কাজ করছে পুলিশ, র‍্যাব ও ক্রাইম সিন। আস্তানা থেকে লাশগুলো উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে। নিহত চার জঙ্গি পরনে একই রঙের কালো গেঞ্জি ও জিনসের প্যান্ট রয়েছে বলে জানা গেছে। নিহত জঙ্গিদের সবাই আত্মঘাতী বলে জানিয়েছে সোয়াট।

শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম জানিয়েছেন, কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত শিবনগর গ্রামে ১৪৪ ধারা বহাল থাকবে।

জঙ্গি আস্তানা সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর থেকে পুলিশ, কাউন্টার টেররিজম ইউনিট ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ওই বাড়িটি ঘিরে রাখেন। সন্ধ্যায় সোয়াট ঘটনাস্থলে আসার পর শুরু হয় মূল অভিযান। ২ দিনব্যাপী চলা এই অভিযানে জঙ্গিদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয়। অভিযানে নিহত হয় চার জঙ্গি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.