সিলেটটুডে ডেস্ক | ২৮ এপ্রিল, ২০১৭
হাওর অঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে রাজনীতি না করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, ‘বিএনপির নেতারা একদিনের জন্য হাওর অঞ্চলে ফটোসেশন করতে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে তারা এটা নিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছে।’
শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় ছেলে মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৬৪তম জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, হাওর এলাকায় সরকার সার্বক্ষণিকভাবে কাজ করছে। জনগণের পাশে সরকারের সঙ্গে আওয়ামী লীগের এমপিসহ দলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপসহ দলের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে আওয়ামী লীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনর পক্ষ থেকে শেখ জামালের কবরে শ্রদ্ধা নিবেদন করে। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।