সিলেটটুডে ডেস্ক | ৩০ এপ্রিল, ২০১৭
প্রখ্যাত আবৃত্তিকার, স্থপতি ও মুক্তিযোদ্ধা কাজী আরিফকে মৃত ঘোষণা করা হয়েছে। তাঁর ‘লাইফ সাপোর্ট’ খুলে ফেলা হয়েছে। নিউইয়র্কের ম্যানহাটনের একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। সেখানে স্থানীয় সময় শনিবার দুপুর ১২ টা ৫৫ মিনিটে তাঁর লাইফ সাপোর্ট খুলে ফেলা হয়।
এর আগে তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা ছিলেন চিকিৎসকেরা। সকাল সাড়ে ১০টায় চিকিৎসকেরা তাকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন।
দীর্ঘদিন থেকে অসুস্থ কাজী আরিফের হার্টের ভাল্ব অকেজো হলে তাকে ম্যানহাটনের মাউন্ট সিনাই সেন্ট লিওক্স হাসপাতালে ভর্তি করা হয়। গেলো মঙ্গলবার ভাল্ব পুনঃস্থাপন এবং আর্টারিতে বাইপাস সার্জারি করা হয়।
পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেয়া হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
১৯৫২ সালের ৩১ অক্টোবর ফরিদপুর রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন কাজী আরিফ। বেড়ে উঠেছেন চট্টগ্রাম শহরে। সেখানেই তার পড়াশোনা, রাজনীতি, শিল্প-সাহিত্যে হাতেখড়ি হয়।
১৯৭১ সালে ১ নাম্বার সেক্টরে মেজর রফিকের কমান্ডে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধ শেষে বুয়েটে পড়াশোনা শুরু করেন। এর পাশাপাশি শিল্প, সাহিত্য, সংস্কৃতি চর্চাও চালিয়ে যান তিনি।
এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস বলেন, কাজী আরিফের মৃত্যুর বিষয়ে এখনো পরিবারের সঙ্গে কথা হয়নি। যেহেতু নিউইয়র্কে এখন গভীর রাত, তাই রোববার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হবে। তার পরিবারের প্রায় সবাই নিউইয়র্কে থাকেন। তারা কী চাচ্ছেন সেটি জেনে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।