Sylhet Today 24 PRINT

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া নিজ ছাত্রীর সাথে প্রেম ছিলো কাসেম বিন আবু বাকারের

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৭

দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া নিজ ছাত্রীর প্রেমে পড়েছিলেন কাসেম বিন আবুবাকার। রোববার বিকেলে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন তিনি।

রহিমা নামের ওই ছাত্রীকে শেষ পর্যন্ত পাননি কাসেম। তবে তাকে নিয়ে লেখেন 'বিলম্বিত বাসর' নামের একটি বই।

সম্প্রতি কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ায় সংবাদ প্রকাশের জেরে দেশে আলোচনায় আসেন শতাধিক বইয়ের লেখক কাসেম বিন আবু বাকার। তার বিরুদ্ধে সাহিত্যে ইসলামীকরণ ও অশ্লীলতার অভিযোগ তুলেছেন অনেকে।

টেলিভিশনটিতে দেওয়া সাক্ষাতকারে কাসেম বিন আবু বাকার তার প্রথম প্রেমের গল্প তুলে ধরেন। কাসেম জানান, যখন তিনি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন তখন দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিলেন রহিমা। তখনই রহিমার প্রেমে পড়েন কাসেম। রহিমা ছিল কাসেমের বন্ধুর বোন।

তিনি বলেন, প্রথম দেখাতেই দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রহিমার সঙ্গে হৃদয়ের যোগ ঘটে যায় তার। আর সে জন্য রহিমার ভূমিকা বড় ছিল। শিক্ষক কাসেম বিন আবু বাকার ক্লাসে ঢোকার পর সবাই দাঁড়িযে আবার বসেও যায়, কিন্তু রহিমা দাঁড়িয়েই ছিল। পরে তার এক বান্ধবী হাত টেনে তাকে বসায়।

তবে রহিমা যখন তৃতীয় শ্রেণিতে পড়তো তখন তার বিয়ে ঠিক হয়। তবে রহিমার বিয়ের আগেই কাসেমের বাবা-মা কাসেমকে অন্য জায়গায় বিয়ে দেয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

বিয়ের ত্রিশ বছর পর রহিমার সঙ্গে দেখা হয় কাসেমের। সাক্ষাতে কখনো তার সঙ্গে কথা বলতে পারেননি। কুশল বিনিময়ও হয়নি। কারণ তাকে দেখলে  নিজের মধ্যে কষ্ট কাজ করে কাসেমের।


কাসেম জানান, প্রথম দিকে প্রকাশকরা তার বই প্রকাশ করতে চাইতো না। ১৯৭৮ সালে তার প্রথম বই 'ফুটন্ত গোলাপ' প্রকাশ হয়। আমার বইয়ে খারাপটি লিখেছি, আবার খারাপের মলমও দিয়েছি। আমি অশালীন কিছু লিখি না।

তিনি আরও জানান, সিলেটের এক নারী পাঠক তাকে ভালোবেসে তার বাসায় চলে আসেন। এতে কাসেমের পরিবারের লোকজন অনেক রাগারাগি করেন। তখন কাসেমের ঘরে স্ত্রী ও ছেলেমেয়ে ছিল। অনেক বোঝানোর পরও তিনি ওই মেয়েকে বোঝাতে পারেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.