Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারের হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবিতে ঢাকায় মানববন্ধন

সিলেটটুডে ডেস্ক |  ৩০ এপ্রিল, ২০১৭

মৌলভীবাজার জেলার ক্ষতিগ্রস্থ হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণার দাবিতে ঢাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকাস্থ মৌলভীবাজার জেলা সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের দুদর্শার চিত্র তুলে ধরে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজিবী এডভোকেট তবারক হোসেইন, সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দীন, সমিতির সাবেক সভাপতি আব্দুল কাদির মাহমুদ, সংগঠনের সহ-সভাপতি নাজমুল ইসলাম লাকী, সমিতির প্রকাশনা সম্পাদক ও নাগরী ভাষা গবেষক মোস্তফা সেলিমসহ অন্যান্য নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় হাওর হাকালুকি। হাকালুকির ৭০% এলাকা মৌলভীবাজার জেলায়। এছাড়া এ জেলায় আছে বিরাট হাইল হাওর, কাউয়াদীঘি হাওর, বড় হাওরসহ ছোট-বড় ৯টি হাওর। কিন্তু হাওর উন্নয়ন বোর্ডের কোন কার্যক্রমের আওতায় মৌলভীবাজার জেলা নেই।

বক্তারা দাবি করেন, মৌলভীবাজার জেলাকে বন্যা দূর্গত এলাকা ঘোষনা করে আগামী বছরের বৈশাখ মাস পর্যন্ত ক্ষতিগ্রস্থ কৃষক পরিবারগুলোকে প্রতিমাসে সরকার ঘোষিত ৩০ কেজি চাল ও নগদ অর্থ পাঁচশ টাকা থেকে বৃদ্ধি করে কমপক্ষে দুই হাজার টাকা এবং সকল কৃষিঋণ মওকুফ এবং হাকালুকি হাওরসহ মৌলভীবাজার জেলার অন্য সকল ছোট-বড় হাওরগুলোকে হাওর উন্নয়ন বোর্ডের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, এশিয়ার বৃহত্তম হাওর হাকালুকিতে অকাল বন্যায় ১৮ হাজার হেক্টর জমির ধান বিনষ্ট হয়েছে। কাউয়া দীঘি ও হাইল হাওরেও প্রায় ২০ হাজার হেক্টর জমির ধান বিনষ্ট হয়েছে। বন্যায় ধান পচে আ্যমেনিয়া গ্যাসের সৃষ্টি হয়ে পানিতে অক্সিজেনের পরিমান কমে যাওয়ায় দেখা দেয় মাছের মড়ক। হাওরে অকাল বন্যার কারনে কুলাউড়া উপজেলায় ৭ টন, জুড়ী উপজেলায় ৮ টন এবং বড়লেখা উপজেলায় ১২ টন মাছ মারা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.